বিএনপি নির্বাচনের নাম শুনলেই ভয় পায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া ও তারেক রহমান সাজাপ্রাপ্ত হওয়ায় তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, তাই তারা নির্বাচন চান না। সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির দু-একজন নেতা নতুন নির্বাচন কমিশন ভালো ও নিরপেক্ষ হয়েছে বলায় বিএনপির আরও মাথা ঘুরে গেছে। এখন তারা ষড়যন্ত্রের জাল বুনছে, গুজব এবং কুৎসা রটানোর চেষ্টা করছে। শ্রমিকের মূল্য বেড়েছে এবং তারা ভালো আছেন জানিয়ে তিনি বলেন, এখন একজন শ্রমিকের মূল্য দিয়ে তিনি ১২-১৫ কেজি চাল কিনতে পারেন। দেশে আর কাঙাল নাই।
তিনি বলেন, এখন কেউ মারা গেলে কাঙাল ভোজ দিলে এখন আর কোনও কাঙাল আসে না, বড়লোকরাই আসে। দেশে আর কাঙাল খুঁজে পাওয়া যায় না। শুধু তাই নয়, দেশে এখন আর গ্রামাঞ্চলেও আগের দিনের বাসিভাত পাওয়া যায় না। এটাই হলো প্রধানমন্ত্রীর কারিশমা।
সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কে.এম. হোসেন আলী হাসানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ তালুকদারের সঞ্চালনায় সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য আব্দুর রহমান।